মিরপুরের পীরেরবাগে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘিরে তীব্র নিন্দা জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় পীরেরবাগের আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় মহিলা জামায়াতের বৈঠক চলাকালীন বিএনপির নেতাকর্মীরা বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত নারীদের অবরুদ্ধ করে রাখে।
পরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায় এবং কয়েকজনকে একটি মসজিদে আটকে রাখে। হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধদের উদ্ধার করা হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সন্ত্রাসীদের এই বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচনি পরিবেশকে বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে যারা হামলায় জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি জিরো টলারেন্স নীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি এলাকা ঢাকা-১৫-এ পরিকল্পিতভাবে পেশিশক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার রক্ষা, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সকল প্রকার ভয়ভীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আপামর জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন