ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা দেবে জামায়াত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:৫১ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরের মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নারী সমাবেশে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতিবিদদের দায়িত্ব জাতিকে সঠিক পথ দেখানো এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত ৫৪ বছরে যারা পালাক্রমে দেশ শাসন করেছে, তারা ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি এবং তরুণ প্রজন্মের জন্য প্রয়োজনীয় পরিকল্পনাও গ্রহণ করতে পারেনি। এর ফলে যুবসমাজের একটি বড় অংশ বিপথগামী হয়েছে। তারাই আজ চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট ও দখলদারিত্বে জড়িয়ে পড়েছে।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যজোট সরকার গঠনের সুযোগ পেলে রাষ্ট্র সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আমাদের আগামীর পরিচয় হবে—‘আমিই বাংলাদেশ’। সেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং কর্মের অধিকার প্রতিষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, কিন্তু কাউকে আমাদের প্রভু হতে দেব না। কেউ যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।’

সমাজ পরিবর্তনে যুবসমাজকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম। জামায়াতে ইসলামী তরুণদের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে। ক্ষমতায় গেলে বেকার ভাতা দিয়ে বেকারত্বের মহাসাগর সৃষ্টি না করে যুবসমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, যুবসমাজই হবে আগামীর বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।

দেশের জনগণ এক জালিমকে বিদায় করে আরেক জালিমের হাতে দেশ তুলে দিতে চায় না উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে তরুণ প্রজন্ম জীবনে একবারও ভোট দেওয়ার সুযোগ পায়নি। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে আর কাউকে জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। কেউ ভোটাধিকার কেড়ে নিতে বা ভোট চুরি করতে চাইলে তা প্রতিহত করতে হবে। জনগণের বিজয় নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।