ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অটোরিকশার জন্য আলাদা লেনের ব্যবস্থা করবে জামায়াত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:০৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি - সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে মোটরসাইকেল ও অটোরিকশার আলাদা লেনের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ইশতেহার ঘোষণা করে জামায়াত।  

ইশতেহারে জামায়াতে ইসলামী জানিয়েছে, নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ে স্লটে রিকশা ও অটোরিকশার চলাচল নির্ধারণ করা হবে। প্রধান সড়কগুলোতে লো-স্পিড যানবাহন নিষিদ্ধ করা হবে। এ ছাড়া মোটরসাইকেল ও অটোরিকশার আলাদা লেনের ব্যবস্থা করা হবে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, এই নির্বাচনি ইশতেহারে মোট ২৬টি অগ্রাধিকারমূলক বিষয় তুলে ধরা হয়েছে। ইশতেহারের প্রথম অংশে দলটি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে একটি বৈষম্যহীন, শক্তিশালী এবং মানবিক বাংলাদেশ গঠনের জন্য। এতে শাসনব্যবস্থার মৌলিক সংস্কার, রাজনৈতিক ব্যবস্থার গভীর পরিবর্তন, কার্যকর জাতীয় সংসদ গঠন, নির্বাচনি ব্যবস্থার সংস্কার, জবাবদিহিতামূলক জনপ্রশাসন, দুর্নীতিমুক্ত সমাজ এবং আইন ও বিচারব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি রয়েছে। এই অংশে মূলত জাতীয় শাসন ও প্রশাসনকে জনগণের জন্য আরও কার্যকর, স্বচ্ছ এবং ন্যায়সংগত করার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

ইশতেহারের দ্বিতীয় এবং তৃতীয় অংশে মূলত দেশের আত্মনির্ভর পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যাপকভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি বাণিজ্য, শিল্প, শ্রম ও প্রবাসী কল্যাণ খাতের উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

দলটি কৃষি ও খাদ্য নিরাপত্তা, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যুব নেতৃত্বে প্রযুক্তি বিপ্লবের রূপরেখাও এই ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে। ইশতেহারে নারী ও শিশু নিরাপত্তা, সমাজকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

জামায়াত দাবি করেছে, ‘জনতার ইশতেহার’ তৈরিতে অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে প্রাপ্ত ৩৭ লাখের বেশি জনমতের প্রতিফলন রাখা হয়েছে। এটি একটি প্রক্রিয়াগত প্রচেষ্টা, যাতে সাধারণ জনগণের প্রত্যাশা এবং দেশের ভবিষ্যতের প্রয়োজনগুলিকে সঠিকভাবে ইশতেহারে প্রতিফলিত করা যায়। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ইশতেহার কেবল নির্বাচনের জন্য নয়, বরং একটি স্বচ্ছ, সুশাসিত, আত্মনির্ভরশীল এবং উন্নয়নমুখী বাংলাদেশের রূপরেখা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে।