বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সমর্থনে রাজধানীর মিরপুরে নির্বাচনি মিছিল করেছে জামায়াতের মহিলা বিভাগ। ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে মিরপুর-১০ গোলচত্বর থেকে শুরু হয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘মা-বোনদের বলে যাই, দাঁড়িপাল্লায় ভোট চাই’, ‘মায়ের কোলে শিশুর ডাক, দাঁড়িপাল্লা জিতে যাক’, ‘আপস না সংগ্রাম’ এবং ‘দিল্লি না ঢাকা’এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার বিভাগের সদস্য আব্দুর রহিম জানান, মিছিলে ঢাকা-১৫ আসনের নারী ভোটার ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পাশাপাশি মহানগর উত্তরের মহিলা বিভাগের শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মিছিলের তদারকির দায়িত্বে থাকা জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য মোবারক হোসেন বলেন, জামায়াত আমির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর থেকেই মিরপুর এলাকায় নারী-পুরুষ নির্বিশেষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। তিনি দাবি করেন, এটি শুধু সংসদ সদস্য নির্বাচন নয়, ১১-দলীয় জোট ক্ষমতায় এলে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন এমন প্রত্যাশা থেকেই ভোটারদের আগ্রহ আরও বেড়েছে।
নির্বাচনকে ঘিরে কোনো শঙ্কা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট নিয়ে কোনো আশঙ্কা নেই। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


