ঢাকা-১৪ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান জানিয়েছেন, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি। তিনি এটিকে দলের একটি সাফল্য হিসেবে দেখছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মিরপুর কমার্স কলেজ কেন্দ্র পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার আরমান বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। পুরুষদের চেয়ে নারী ভোটার উপস্থিতি অনেক বেশি। এটি আমাদের অন্যতম সাফল্য।
নিজের জয়ের বিষয়ে তিনি বলেন, যদি ভোট অবাধ ও সুষ্ঠু হয়, মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবে। তাই আমি জয়ের ব্যাপারে আশাবাদী, ইনশাল্লাহ।
মিরপুর কমার্স কলেজে মোট তিনটি ভোটকেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর কমার্স কলেজ ভোটকেন্দ্র তিনটি। ১ নম্বর ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সাইফুল রহমান জানান, তার কেন্দ্রে সাড়ে ৯টা পর্যন্ত ১০.৮৩ শতাংশ ভোট পড়েছে। এ সময় ভোট পড়েছে ৩২২টি। মোট ভোটার ২৯৮৪ জন। যার সবাই পুরুষ। সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৩.১০ শতাংশ, অর্থাৎ ৬৮৭টি।
মিরপুর কমার্স কলেজে ভোটকেন্দ্র-২-এর প্রিসাইডিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৯টা পর্যন্ত ৭.৪ শতাংশ ভোট পড়েছে৷ ভোটার সংখ্যা ২৮১০। যার পুরোটাই নারী।
মিরপুর কমার্স কলেজের ৩ নম্বর ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার রেজাউর রহমান বলেন, সকাল ১০টা পর্যন্ত ১৩.১২ শতাংশ ভোট পড়েছে। ১৭৪৬ ভোট, যার মধ্যে ২২৯ ভোট এই সময়ের মধ্যে ভোট পড়েছে। এর মধ্যে মহিলা ও পুরুষ ভোটার আছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন