রাজধানীর ঢাকা-১৪ ও ১৬ আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেন। এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, নায়েবে আমির আবদুর রহমান মুসাসহ সংশ্লিষ্ট দুই আসনের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশ নেন।
সভায় ঢাকা-১৪ ও ঢাকা-১৬ নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিকদের নিরাপত্তা জোরদার, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর গ্যাং প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের জানমাল রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দল-মত নির্বিশেষে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তারা উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জনগণের সহযোগিতা কামনা করেন এবং চলমান বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।


