ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা ও নরসিংদীতে শিশু ধর্ষণ-হত্যার ঘটনায় জাতি স্তম্ভিত: জামায়াত আমির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১১:৪৫ এএম
জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

ঢাকায় ৬ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারিবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা; এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়ড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই কথা লিখেছেন।

পোস্টে জামায়েত আমীর লেখেন, ঢাকায় ৬ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারিবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা; এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে।

তিনি আরও বলেন, এসব ঘটনায় আমরা নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষেত্র বিশেষে প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ্য করছি। অপরাধীর বিচার নিশ্চিত করার বদলে ধর্ষকের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়তে চাওয়ার মত মৌলিক মানবাধিকার লঙ্ঘনের দুঃসাহস একটি দলের নেতা কিভাবে দেখাতে পারে? শিশু তাহিয়ার হত্যার পর কার বা কাদের ইশারায় একে ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো? কারা এখন সেই মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে? এরা কারা এবং তাদের উদ্দেশ্য কী—জনগণের কাছে আজ তা স্পষ্ট। দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং নিপীড়কদের রক্ষা করা কোনো সভ্য ও গনতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।

ডা. শফিকুর রহমান লেখেন, আমাদের কথা সুস্পষ্ট, ইনসাফের প্রশ্নে কোনো আপস চলবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। আমি মরহুমদের রূহের মাফফিরাত কামনা করছি ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা দেশের সকল মজলুমের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল থাকবো, ইনশাআল্লাহ।