ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল বিএনপি যে মৌখিক প্রস্তাব দিয়েছিল, সেটি আপাতত নাকচ করেছে জামায়াত। ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা জুলাই সনদ নিয়ে আলোচনার পর জানাবে।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা এভাবে ডেপুটি স্পিকার পেতে চাইনি।
এর আগে, ২ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে ডেপুটি স্পিকারের বিষয়টি বাস্তবায়নের প্রস্তাব তারা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে এবং সাক্ষাতে দিয়েছেন। তিনি জানান, এটি জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে কার্যকর হতে পারে।
বিরোধী শিবিরের পক্ষ থেকে এ বিষয়ে লিখিত প্রস্তাবসহ জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি করা হয়েছিল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন