রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।
পোস্টে তিনি বলেন, এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এই কঠিন সময়ে নিরলসভাবে কাজ করে যাওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-সহ সব উদ্ধারকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির।
তিনি আরও বলেন, সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, যেন এমন বিপদ থেকে দেশবাসীকে রক্ষা করেন।
উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় দুজনের মরদেহ উদ্ধার করা হলেও বাকিদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন