রংপুরে আয়োজিত এক সম্মেলনে গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেছেন, জনগণের দেওয়া গণরায় বাস্তবায়ন না করে তা বাতিলের উদ্দেশ্যে সরকার কূটকৌশল অবলম্বন করছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে শুরু থেকেই গণভোটের দাবি জানানো হয়েছিল এবং এ বিষয়ে বিএনপিও সম্মতি দিয়েছিল। আমরা বলেছিলাম, নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। তারা বলেছিল, একসাথে হলেও সমস্যা নেই। কিন্তু এখন ক্ষমতায় এসে তারা সেই প্রতিশ্রুতি থেকে সরে গেছে, বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রায় চার কোটি মানুষের দেওয়া গণরায় জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পক্ষে ছিল। সেই রায় বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতি এখন আর বাস্তবায়নের উদ্যোগ দেখা যাচ্ছে না। যারা আগে সংস্কারের কথা বলেছিল, তারা এখন অবস্থান পরিবর্তন করেছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি খালেদা জিয়ার নেতৃত্বে দেওয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক ভোটে অনিয়ম ও ফল পরিবর্তনের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় সন্ধ্যা পর্যন্ত এগিয়ে থাকার পর কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল বদলে গেছে, যা মানুষের প্রত্যাশা ভেঙে দিয়েছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগকে জোরদার করেছে।
তিনি আরও দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ফল হলেও সেই চেতনা থেকে সরে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ প্রবণতার বিরুদ্ধে জনগণ ইতোমধ্যে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরে মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামী বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। সংসদের ভেতরে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি রাজপথেও জনগণের স্বার্থে আন্দোলন চালিয়ে যাবে দলটি।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন। রুকনদের আমল ও আখলাক উন্নয়নে সচেষ্ট থাকতে হবে এবং রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হওয়া যাবে না।
সম্মেলনে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমির এটিএম আজম খান। দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

-20260410212452.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন