মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপ হবে চরম ‘জনস্বার্থবিরোধী’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিরোধীদলীয় নেতা এই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে যে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর নতুন কর আরোপের পরিকল্পনা করছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে।
ডা. শফিকুর রহমান বলেন, মোটরসাইকেলের মালিক ও চালকেরা সাধারণত কোনো উচ্চবিত্ত বা সম্পদশালী মানুষ নন। মূলত মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত এবং সাধারণ কর্মজীবী মানুষ জীবন ও জীবিকার তাগিদে, কিংবা যাতায়াতের সুবাদে এই বাহনটি ব্যবহার করে থাকেন। বিশেষ করে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে অনেকেই এর ওপর নির্ভর করে সংসার চালান।
তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রের রাজস্ব আহরণ বা বৃদ্ধির স্বার্থে করের আওতা বাড়ানো প্রয়োজন হতে পারে, তা যৌক্তিক। তবে জীবনযুদ্ধে ক্লান্ত ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এসব সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই উচিত নয়।
বিবৃতির শেষ অংশে জামায়াত আমির আশা প্রকাশ করে বলেন, সরকার যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেও থাকে, তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে অবিলম্বে তা থেকে সরে আসবে। অন্যথায় দেশের সাধারণ মানুষ এটিকে একটি গণবিরোধী সিদ্ধান্ত হিসেবে দেখবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন