ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন শরীয়তপুর সদর হাসপাতালের আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে দেখতে গেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৯ মে) রাত প্রায় ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে গিয়ে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। পরে রাত সোয়া ১০টার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান শরীয়তপুর সদর হাসপাতালে ঘটে যাওয়া হামলার ঘটনার নিন্দা জানান এবং দোষীদের সুষ্ঠু বিচারের দাবি করেন।
তিনি বলেন, ন্যায়সংগত কাজে সরকারকে সহযোগিতা করা হলেও কোথাও অন্যায় হলে বিরোধী দল তার প্রতিবাদ করবে।
তিনি আরও বলেন, বিগত শাসনামলে দেশের বিভিন্ন ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে এসে একটি সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলার শিকার হন কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
এ সময় জামায়াতের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন