ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওসমান হাদির ওপর গুলি নির্বাচন বানচালের চক্রান্তের অংশ : বুলবুল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ১১:০৭ পিএম
ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এই হামলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের একটি সুপরিকল্পিত চক্রান্ত।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, তফসিল ঘোষণার পরদিনই ওসমান হাদির ওপর টার্গেট কিলিং এটি নির্বাচন বানচালের চক্রান্ত ছাড়া কিছু নয়। এই হামলা গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ও সিইসি কঠোর ভাষায় কথা বললেও একজন সম্ভাব্য প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন এটি উদ্বেগজনক। সাধারণ মানুষের নিরাপত্তা যে কতটা ঝুঁকিতে, সেটি সহজেই উপলব্ধি করা যায়।

বুলবুল হুঁশিয়ারি দিয়ে বলেন, ওসমান হাদির হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। প্রয়োজন হলে আরেকটি গণঅভ্যুত্থানের পথেও যেতে হবে।

তিনি দাবি জানান, নির্বাচনের সম্ভাব্য সব প্রার্থীর নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করতে হবে এবং হামলার পরিকল্পনাকারীসহ সংশ্লিষ্ট সন্ত্রাসীদের গডফাদারদের আইনের আওতায় আনতে হবে।

সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনের পরিচালনায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও শামসুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, মহানগর কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, কামরুল আহসান হাসান, পল্টন থানা জামায়াতের আমির শাহীন আহমেদ খান, শাজাহানপুর থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।