লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতাকর্মীদের শপথের ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইমান আলী। তিনি চরমার্টিন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। বিকেলে কমলনগর থানার ওসি মোহাম্মদ ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে চরমার্টিন ইউনিয়নের নিজ এলাকা থেকে ইমানকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ২৫ জনের নাম উল্লেখ করে এবং প্রায় ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কমলনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে বাদীর নাম ও আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি ওসি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২৬ এপ্রিল) রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা গোলাকারভাবে দাঁড়িয়ে হাত উঁচিয়ে একটি শপথবাক্য পাঠ করেন।
পরদিন রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ফেসবুকে ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওটি প্রচার করেন। পরে ভিডিওটি বিভিন্নজনের ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওটির কিছু অংশে শোনা যায়, “আমি শপথ করিতেছি যে, কালকিনি ইউনিয়ন, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনের জন্য আন্দোলন-সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন।”
ওই সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জয়তু শেখ হাসিনা’, ‘শেখ শেখ শেখ মুজিব’, ‘লও লও লও সালাম, জাতির পিতা শেখ মুজিব লও লও লও সালাম’, ‘তেল দে গ্যাস দে, নইলে গদি ছাইড়া দে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এসব স্লোগানও দেন।
এ বিষয়ে বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নেবেন বলে জানিয়েছেন।
কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন