ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে দলের নিজস্ব কর্মসূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
জুমার নামাজের পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত রেখে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে এনসিপি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টা ৩৩ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই-বিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জনগণের ক্ষোভ ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ বা নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে সকলকে ভূমিকা পালন করতে হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পর আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। বিকেলে বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হলো।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন