জুলাই অভ্যুত্থান মবক্রেসি নয়। পুরো দেশের রাজনীতি, নির্বাচনকে একদিকে প্রভাবিত করতেই মবক্রেসি চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা মিলনায়তনে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘যে ব্যক্তিরা প্রথম আলো, ডেইলি স্টারসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা করেছে, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান, শহীদদের নাম এবং আন্দোলনের ভাষাকে ব্যবহার করেছে। এর মাধ্যমে সহিংসতার পক্ষে সামাজিক সমর্থন তৈরির চেষ্টা করা হয়েছে।’
তিনি বলেন, ‘কয়েক হাজার মানুষ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, যা প্রমাণ করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পুরো বিষয়টি পূর্বপরিকল্পিত।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘জুলাইয়ের স্লোগানের অপব্যবহার করে পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে ব্যবহার করে নাশকতা করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের নামে এমন মব এনসিপি সমর্থন করে না।’
নাহিদ বলেন, ‘বিপ্লব-পরবর্তী সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা ছিল এবং সেই সুযোগ কাজে লাগিয়ে এখন পরিকল্পিত অপরাধ সংঘটিত হচ্ছে। বর্তমান পরিস্থিতির লক্ষ্য দেশের রাজনীতি ও নির্বাচনকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করা।’


