জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র থেকে দেশ আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কি না সেই প্রশ্ন তৈরি হয়েছে। প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে।
বুধবার (০৪ মার্চ) সিলেটের হিল ভিউ কনভেনশন সেন্টারে এনসিপির সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ব্যাংকে স্বেচ্ছাচারী নিয়োগ, দুদক এবং বাসসের প্রসঙ্গ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা ভুল করতে চাই না। আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামব। আমরা একটি গণঅভ্যুত্থান করেছি। গণঅভ্যুত্থানের পরবর্তী করণীয় ঠিক করতে গিয়ে আমরা অনেক ভুল করেছি। সেই কারণেই আজ দেশের এই বেহাল দশা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


