কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে ‘নবীন ফ্যাশন’এর শোরুম কার্যক্রম আবারও চালু হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়, ঈদের আগের দিন রাজধানীর মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় এবার ঈদ আনন্দ উৎসব ১৫ দিনব্যাপী উদ্যাপন করা হবে। তবে মগবাজার শাখা ছাড়া অন্যান্য শাখা পুনরায় চালু করা হচ্ছে। এসব শোরুমে ক্রেতাদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় অফার।
এতে আরও জানানো হয়, এমপি হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের উদ্যোগে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভে এসে ঈদের শুভেচ্ছা জানাবেন।
এর আগে আলোচনার মধ্যে থাকা ‘নবীন পাঞ্জাবি’র মালিক এনামুল হাসান নবীন দেশ ত্যাগ করেন। মঙ্গলবার রাতে তিনি তার ফেসবুক আইডিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ছবি প্রকাশ করেন, যেখানে তাকে কয়েকজন সহযাত্রীর সঙ্গে দেখা যায়।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের আক্রমণে পরিবারকে ঝুঁকিতে ফেলতে চাই না। তাই আপাতত দেশ ছাড়ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফিরব।’
এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দেশ ছাড়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে এনামুল হাসান অভিযোগ করেন, বাজারে একটি সিন্ডিকেট পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেয়। তাদের দাবি অনুযায়ী, ৪ হাজার ৫০০ টাকার নিচে পাঞ্জাবি এবং ১ হাজার ৫০০ টাকার নিচে পায়জামা বিক্রি করা যাবে না। তিনি বলেন, ‘আমরা কম দামে পণ্য বিক্রি করায় বিভিন্নভাবে বাধার মুখে পড়েছি।’
তিনি আরও অভিযোগ করেন, শোরুম বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে জানান তিনি।
এনামুল হাসান দাবি করেন, তাদের প্রতিষ্ঠানের লাভের একটি বড় অংশ অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় ব্যয় করা হয়। এ ছাড়া তাদের প্রতিষ্ঠানে প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও পুনর্বাসিত ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
উল্লেখ্য, গত ২০ মার্চ ঈদুল ফিতরের আগে কম দামে পাঞ্জাবি বিক্রির অভিযোগে রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’ এর একটি শোরুম স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে বন্ধ করে দেওয়া হয়। এ সময় কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ বিতরণ’-এর সঙ্গে তুলনা করে আপত্তি জানান আশপাশের ব্যবসায়ীরা।


