জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং এর আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছাতে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই ও আগস্টজুড়ে দেশব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণসংযোগ, পদযাত্রা, শহীদদের স্মরণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ধারাবাহিক কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার (২৯ জুন) এনসিপির প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই শুধু একটি মাস নয়; এটি আত্মত্যাগ, গণআকাঙ্ক্ষা, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশ নির্মাণের প্রতীক। তাই মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সংহতি সভা, উপজেলা পর্যায়ে পদযাত্রা, দেশব্যাপী গ্রাফিতি ও দেয়াললিখন, স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, নারী সমাবেশ, কৃষক সমাবেশ, শহীদদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত, কবিতা ও স্মৃতিচারণ, শ্রমিক সমাবেশ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, যুব কনভেনশন এবং 'জুলাই স্মরণিকা' প্রকাশ। এছাড়া ২ আগস্ট 'জুলাইয়ের পদযাত্রা' এবং ৫ আগস্ট 'বিজয়ের উল্লাস' কর্মসূচিও রয়েছে।
দলটি জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নের জন্য 'জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি' গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং সদস্যসচিব হিসেবে থাকবেন যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
এনসিপি দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী ও শিক্ষার্থীদের এসব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

