বহুল প্রতীক্ষিত নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে এন বি এস রাসেলকে সভাপতি এবং জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটি ঘোষণার পর জেলা জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বার্তা ছড়িয়ে পড়ে।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ৩৭ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
একই সঙ্গে সজিব রহমান সজিবকে সভাপতি ও করিম উদ্দিন চৌধুরী বাবুকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদল এবং আবদুর রহমান আনাসকে আহ্বায়ক ও আশরাফুল করিম পাবেলকে সদস্য সচিব করে নোয়াখালী পৌরসভা ছাত্রদলের কমিটিও অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
জেলা ছাত্রদলের নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচিত ছাত্রনেতা আনোয়ার হোসেন রকি। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাজিম উদ্দিন রনিকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকবর হোসেন।
৩৭ সদস্যের এই কমিটিতে ১৪ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২ জন সহ-সাধারণ সম্পাদকসহ প্রচার, দপ্তর ও সাহিত্য-প্রকাশনা সম্পাদক পদে পৃথকভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, ঘোষণার ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নতুন নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর নোয়াখালীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে অভিনন্দন বার্তায় সরগরম হয়ে ওঠে নেতাকর্মীদের প্রোফাইল ও টাইমলাইন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন