ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ও কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
সভায় প্রবাসীদের সুবিধার্থে রাষ্ট্রদূত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, যেসব প্রবাসীর ফরাসি প্রিফেকচারে বৈধতার আবেদন সংক্রান্ত নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের জরুরি প্রয়োজন বিবেচনায় আগামী ২৫ জুলাই, ৮ আগস্ট ও ২২ আগস্ট—এই তিন শনিবার দূতাবাসে বিনা অ্যাপয়েন্টমেন্টে বিশেষ পাসপোর্ট সেবা দেওয়া হবে।
এ ছাড়া ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য নতুন স্লট উন্মুক্ত করার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। প্রতিদিনের মোট স্লটের অর্ধেক অনলাইন আবেদনকারীদের জন্য এবং বাকি অর্ধেক ১৫ মে'র আগে ই-মেইলে আবেদনকারীদের জন্য সংরক্ষিত থাকবে বলে জানানো হয়।
সভায় ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। আলোচনায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে পাসপোর্ট সেবা গ্রহণে বিদ্যমান জটিলতা এবং সেবার মানোন্নয়নের বিভিন্ন দিক উঠে আসে।
রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করতে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, গত ৩ জুন থেকে দূতাবাসে অনলাইন অ্যাপয়েন্টমেন্টভিত্তিক পাসপোর্ট সেবা চালু করা হয়েছে, যার মাধ্যমে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হয়েছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও অনুরোধ করেন।
সভায় উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ দূতাবাসের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব বলে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে পাসপোর্ট সেবা প্রাপ্তিতে দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে এবং প্রবাসীদের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পাবে।
প্রবাসীরা দূতাবাসের সেবার মান আরও উন্নত করতে গঠনমূলক বিভিন্ন পরামর্শও তুলে ধরেন। দূতাবাস কর্তৃপক্ষ এসব পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন