দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। রাজনৈতিক এই প্রত্যাবর্তনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার পরিবারের পোষা বিড়াল ‘জেবু’।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটেই তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে দেশে আসে তাদের পোষা বিড়াল জেবু।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, জেবুকে বিশেষ খাঁচায় আনা হয় এবং সব ধরনের নিয়ম-কানুন অনুসরণ করে বিমান থেকে নামিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কে এই জেবু?
জেবু মূলত তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের পোষা বিড়াল। বয়স প্রায় সাত বছর। এটি সাইবেরিয়ান জাতের একটি লোমশ বিড়াল, যার উৎপত্তি রাশিয়ায়। এই জাতের বিড়াল আকারে তুলনামূলক বড়, শরীরজুড়ে তিন স্তরের ঘন ও নরম লোম থাকে, যা ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকার জন্য উপযোগী।

সাইবেরিয়ান বিড়াল সাধারণত শান্ত, আত্মবিশ্বাসী ও মানুষের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। অনেকেই এদের ‘ইমোশনাল কম্প্যানিয়ন’ হিসেবেও দেখেন। এদের ওজন সাধারণত ৪ থেকে ৯ কেজির মধ্যে হয়ে থাকে।
কেন এত আগ্রহ?
বাংলাদেশে দেশি ও পার্সিয়ান জাতের বিড়াল বেশি দেখা গেলেও সাইবেরিয়ান জাতের বিড়াল তুলনামূলকভাবে বিরল। সে কারণেই জেবুকে ঘিরে সাধারণ মানুষ ও বিড়ালপ্রেমীদের কৌতূহল বেশি।
চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলোচনার সূত্রপাত হয়। এরপর আরও ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে জেবু দ্রুত পরিচিত নাম হয়ে ওঠে।
ফেসবুকে ‘অফিশিয়াল’ জেবু
তারেক রহমানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই যাত্রা শুরু করে জেবুর নিজস্ব ফেসবুক পেজ। সেখানে হালকা রসিকতা ও ব্যঙ্গধর্মী কনটেন্ট প্রকাশ করা হচ্ছে, যা অল্প সময়েই তরুণ ও নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।
বিএনপির কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ গণমাধ্যমকে জানিয়েছেন, পেজটি অফিশিয়াল।
জেবুর জনপ্রিয়তা প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। তবে এখন মনে হচ্ছে এটি সবার হয়ে গেছে। আমরা সবাই ওকে খুব ভালোবাসি।’
রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে, একটি পোষা বিড়াল কীভাবে মানুষের আবেগ ও কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে- জেবু যেন তারই এক ব্যতিক্রমী উদাহরণ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন