ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:১৪ পিএম
শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র এক দিন বাকি। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই নির্বাচন, যা বাংলাদেশের জন্য নতুন ইতিহাসের দিকে ধাবিত করছে। একই দিনে দেশের জনগণ অংশ নেবে সংস্কারের জন্য গণভোটেও।

নির্বাচন ও গণভোটের ঠিক এক দিন আগে শায়খ আহমাদুল্লাহ হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান জানিয়েছেন। বুধবার তিনি এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে।

তিনি আরও বলেন, সংস্কার যেন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রাখে এবং কার্যকর করা হয়। একইসঙ্গে এই সংস্কার-সংক্রান্ত সব কার্যক্রমে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করতে হবে। নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা।

শায়খ আহমাদুল্লাহ যোগ করেন, হ্যাঁ ভোট মানে শুধু পরিবর্তন নয়, বরং মূল্যবোধ অক্ষুণ্ন রেখে পরিবর্তনের অঙ্গীকারও। এটি দেশকে ইতিবাচক ও সুশৃঙ্খল পথে এগিয়ে নিয়ে যাবে।

আগামীকাল দেশের ২৯৯টি আসনে একযোগে সকাল ৭টা ৩০ মিনিটে ভোটের কার্যক্রম শুরু হবে এবং চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ভোটাররা দুটি ব্যালট পেপার পাবেন। সাদা ব্যালট পেপার হবে সংসদ সদস্য নির্বাচনের জন্য, আর গোলাপি ব্যালট পেপার হবে গণভোটের জন্য। ভোটাররা সেই ব্যালটে হ্যাঁ বা না ভোট দিতে পারবেন।