সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠানোর সরকারি সিদ্ধান্তকে ‘জাতির সঙ্গে প্রতারণার শামিল’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার (২০ মে) দুপুর ২টা ৫৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, বিচার বিভাগ সংস্কার, মামলাজট নিরসন এবং কার্যকর বিচারিক স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গুরুত্বপূর্ণ ছিল। সচিবালয় বিলুপ্তির সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে প্রশ্নের মুখে ফেলতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশ নিয়ে কোনো ধরনের মতভেদ বা সীমাবদ্ধতা থাকলে তা সংশোধনের মাধ্যমে হলেও সুপ্রিম কোর্ট সচিবালয় পুনরায় চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বিলুপ্ত সচিবালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ে তাদের পূর্ববর্তী পদ এবং নতুন সংযুক্ত পদ উল্লেখ করা হয়। যদিও প্রজ্ঞাপনটি মঙ্গলবার জারি হয়েছে, তবে এর কার্যকারিতা ১০ এপ্রিল থেকে দেখানো হয়েছে।
সরকার জানিয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন