অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড হারের ধাক্কা মেনে নিয়েছে। টানা তিনটি টেস্ট হেরে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে দল। অ্যাডিলেড টেস্টে ৮২ রানের ব্যবধানে হারের পর প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম স্বীকার করেছেন, দলের প্রস্তুতি যথেষ্ট ছিল না।
ম্যাককালাম বলেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই অস্ট্রেলিয়ার দল আমাদের ছাপিয়ে গেছে। এটি তাদের অন্যতম ধারাবাহিক এবং শক্তিশালী পারফরম্যান্স।
তিনি আরও যোগ করেন, আমরা উচ্চ প্রত্যাশা নিয়ে এসেছিলাম; কিন্তু তিনটি টেস্টে আমরা তাদের থেকে পিছিয়ে ছিলাম। প্রত্যাশা পূরণ না হলে হারের দায় মেনে নিতে হয়।
দলীয় প্রস্তুতি ও অভিজ্ঞতার ঘাটতির কথাও তুলে ধরেন কোচ। জো রুট ও বেন স্টোকসের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বাকি ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলার অভিজ্ঞতা সীমিত। এ ছাড়া মার্ক উডের চোটে বোলিং আক্রমণও দুর্বল হয়েছে।
তবু হাল ছাড়ছেন না ম্যাককালাম। বাকি দুটি টেস্টে দল ভালো খেলতে পারলে কিছু অর্জনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন