বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান দ্বাদশ আসরে প্রথম হ্যাটট্রিকের দেখা মিলেছে চতুর্থ ম্যাচেই। শনিবার সিলেট টাইটান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন নোয়াখালী এক্সপ্রেসের বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা।
সিলেটে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নোয়াখালী এক্সপ্রেস তোলে ১৪৩ রান। জবাবে লক্ষ্য তাড়ায় সিলেট টাইটান্স শেষ দিকে ভালো অবস্থানেই ছিল। জয়ের জন্য তখন তাদের প্রয়োজন ছিল ১৮ বলে ২৫ রান।
ঠিক সেই সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মেহেদি হাসান রানা। দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারে টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
ওভারের চতুর্থ বলে প্রথম শিকার হন সিলেট অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। উইকেটের পেছনে বল ধরলেও প্রথমে আম্পায়ার আউট দেননি। পরে টিভি রিপ্লেতে বল ব্যাটে লাগার প্রমাণ মেলায় সিদ্ধান্ত বদলে আউট ঘোষণা করা হয়।
পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন নাসুম আহমেদ। আর শেষ বলে বড় শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ দেন খালেদ আহমেদ। এতে পূর্ণ হয় রানার হ্যাটট্রিক।
তবে ব্যক্তিগত কীর্তি গড়লেও ম্যাচ জিততে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। শেষ বলে রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে জয় পায় সিলেট টাইটান্স।
মেহেদি হাসান রানা এই ম্যাচে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৪ উইকেট। তার এই পারফরম্যান্সে বিপিএলের ইতিহাসে নবম হ্যাটট্রিকের রেকর্ড যুক্ত হলো।
২০১২ সালে বিপিএলের যাত্রা শুরুর পর এখন পর্যন্ত মোট ৯টি হ্যাটট্রিক হয়েছে। এর মধ্যে পাঁচটি করেছেন বাংলাদেশি বোলাররা, আর চারটি বিদেশিরা। ২০১৯ বিপিএলে সবচেয়ে বেশি তিনটি হ্যাটট্রিক দেখা যায়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন