ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটি ন্যক্কারজনক : সংস্কৃতি উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১০:১৫ এএম
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

আইপিএলের ২০২৬ মৌসুম থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইর সিদ্ধান্তটিকে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআইর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়। এর আগে গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর।

গতকাল রাতে ফারুকী এক ফেসবুক পোস্টে লিখেছেন, আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটি ন্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব‍্যথিত হয়েছেন। আপনারা জানেন, কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এ ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না, সেটি নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ, এটিও দেখা হবে নিশ্চয়ই।

তিনি আরও বলেন, আপনারা যারা আমাকে উদ্দেশ করে বাংলাদেশে সব রকম প্ল্যাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর—এটা আসলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি আপনাদের এই উদ্বেগের বিষয় তথ‍্য উপদেষ্টাকে জানিয়েছি।

মুস্তাফিজকে আইপিএলে নিরাপত্তা দিতে না পারলে ভারত সরকার সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে পারবে কি না—এমন প্রশ্ন এরই মধ্যে তুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন, যাতে আইসিসির কাছে বাংলাদেশের জন্য বিশ্বকাপের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ পড়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

ক্রীড়া উপদেষ্টা আগামী মার্চ-মে মাসে অনুষ্ঠেয় আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট উপদেষ্টাকে জানিয়েছেন বলে লিখেছেন তার ফেসবুক পোস্টে। একই বিষয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে জানাবেন বলেছেন ফারুকীও।