ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের বাইরে ম্যাচ সরাতে নারাজ আইসিসি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৬:৪৮ এএম
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও বিকল্প ভেন্যুর অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছে আইসিসিকে। তবে বিসিবির অনুরোধ আমলে নিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। উল্টো হুঁশিয়ারি দিয়েছে, বাংলাদেশকে ছাড়াই আসর চালিয়ে নেয়ার। এ দাবি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ গ্রহণ করা হয়নি। বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দেয়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতে যেতে হবে। অন্যথায় ম্যাচ না খেললে বাংলাদেশ শূন্য পয়েন্ট পাবে এবং প্রতিপক্ষ দলগুলো পূর্ণ দুই পয়েন্ট পাবে।

তবে বিসিবির পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে। বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আইসিসির কাছ থেকে এমন কোনো বার্তা বা হুঁশিয়ারি তারা পাননি।

মঙ্গলবারের বৈঠকের পর এখন পর্যন্ত আইসিসি, বিসিবি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। এর আগে রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি ‘বিবেচনা’ করতে অনুরোধ করেছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই আইসিসি এই বৈঠকের উদ্যোগ নেয় বলে জানা গেছে।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘গ্রুপ সি’তে। সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেনে—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পরই মূলত আইসিসিকে চিঠি দেয় বিসিবি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। এতে প্রশ্ন ওঠে—যে দেশে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে পুরো দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে।

গত ডিসেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা মোস্তাফিজই ছিলেন ২০২৬ মৌসুমে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া গণমাধ্যমকে মোস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্তের কথা নিশ্চিত করলেও এর ব্যাখ্যা দেননি। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, এ বিষয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো বৈঠকও হয়নি।