গ্যালারিভর্তি দর্শক এবং টানটান উত্তেজনা থাকলেও মাঠের লড়াইতে তা প্রতিফলিত হয়নি। ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনাল ও লিভারপুলের লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল পয়েন্ট ভাগাভাগি করলেও লিগের শীর্ষস্থান ধরে রেখেছে।
ম্যাচের শুরু থেকেই বলের দখল রেখে আক্রমণের চেষ্টা চালায় মিকেল আর্তেতার শিষ্যরা। তবে ২৭ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল খেয়েই বসে আর্সেনাল।
ডিফেন্ডার উইলিয়াম সালিবারের ঝুঁকিপূর্ণ ব্যাকপাস সামলাতে গিয়ে গোলরক্ষক দাভিদ রায়া হিমশিম খেয়ে যান। তার দুর্বল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে যান লিভারপুলের কনর ব্র্যাডলি। ব্র্যাডলির চিপ শট ক্রসবারে লেগে ফিরে আসায় নিশ্চিত রক্ষা পায় গানাররা।
প্রথমার্ধের শেষ দিকে ডেক্লান রাইসের এক জোরালো শট লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার দারুণভাবে রুখে দেন। বিরতির পর খেলার নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে লিভারপুল। ৮২ মিনিটে দমিনিক সোবোসলাইয়ের দুর্দান্ত ফ্রি-কিক সামান্য লক্ষ্যভ্রষ্ট হয়।
অন্যদিকে, আর্সেনাল দ্বিতীয়ার্ধে পুরো সময় রক্ষণে মনোযোগী থাকলেও যোগ করা সময়ে দুটি সুবর্ণ সুযোগ পায়। গ্যাব্রিয়েল জেসুসের হেড আলিসনের গ্লাভসে আটকে গেলে। পরে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বাঁকানো শটও ব্রাজিলিয়ান গোলরক্ষক ঠেকান। একদম শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মাগালিয়াইস হেড দিলেও তা জালে জমা হয়নি। ফলে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়।
টানা তিন জয়ের পর এই ড্রয়ে আর্সেনাল ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। অন্যদিকে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল।


