চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা জিম্বাবুয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে হয়েছে গ্রুপ সেরা। কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে তারা হারিয়েছে শ্রীলঙ্কাকে।
প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আগেই সুপার এইটে জায়গা নিশ্চিত হয় তাদের। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ৪ ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।
সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আয়ারল্যান্ড। চার ও পাঁচ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া ও ওমান।
টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান তোলে শ্রীলঙ্কা। দুই ওপেনারের ব্যাটে আসে ৫৪ রানের জুটি।
১৪ বলে ২২ রান করে আউট হন কুশল পেরেরা। কুশল মেন্ডিস করেন ২০ বলে ১৪ রান। ফিফটি পূরণের পর ৬২ রানে থামেন পাথুম নিশাঙ্কা।
ঝড়ো ইনিংস খেলেন পাভান রত্নায়েক, ২৫ বলে করেন ৪৪ রান। দুনিথ ভেল্লালাগে করেন ৮ বলে ১৫ রান। তবে শেষ দিকে বড় সংগ্রহ গড়তে পারেনি লঙ্কানরা।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৯ রানের ওপেনিং জুটি পায় জিম্বাবুয়ে, যা জয়ের ভিত গড়ে দেয়। তাদিওয়ানসে মারুমানি ২৬ বলে করেন ৩৪ রান। রায়ান বার্ল নামেন নেমেই ঝড় তোলেন, ১২ বলে করেন ২৩ রান।
এরপর অধিনায়ক সিকান্দার রাজাকে নিয়ে ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন বার্ল। ২৬ বলে ৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেন রাজা।
শেষ পর্যন্ত টনি মুনিয়োঙ্গাকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন ব্রায়ান বেনেট। ৬৩ রানে অপরাজিত থাকেন বেনেট, মুনিয়োঙ্গা করেন ৮ রান।
৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। দারুণ পারফরম্যান্সে আত্মবিশ্বাসী দলটি এখন সুপার এইট পর্বের অপেক্ষায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন