ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মুখ রিংকু সিংয়ের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ এক মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তার বাবা খাচন্দ্র সিং। শুক্রবার গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, খাচন্দ্র সিং লিভার ক্যান্সারের চতুর্থ পর্যায়ে (Stage-4) ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। পরিস্থিতির ভয়াবহতা বুঝে গত কয়েক দিন তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে আজ সকালে তিনি চিরবিদায় নেন।
জানা যায়, বর্তমানে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত থাকলেও, বাবার অসুস্থতার খবর পেয়েই রিংকু সিং চলতি সপ্তাহের শুরুতে দল ছেড়ে তড়িঘড়ি করে পরিবারের কাছে ফিরে আসেন।
বিসিসিআই-এর পক্ষ থেকে তাকে পরিবারের পাশে থাকার জন্য ছুটি দেওয়া হয়েছিল। তবে টুর্নামেন্টের মাঝপথে তিনি পুনরায় দলের সঙ্গে যোগ দেবেন কি না, তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন