আগামীকাল বুধবার (১১ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দীর্ঘ প্রতীক্ষিত এই সিরিজ শুরুর আগে গতকাল সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান দলের প্রথম দিনের অনুশীলনের পূর্বে সংবাদ সম্মেলনে আসেন দলটির প্রধান কোচ মাইক হেসন।
স্বাগতিক বাংলাদেশকে নিজেদের কন্ডিশনে অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বীকার করলেও, সিরিজ জয়ের ব্যাপারে নিজের দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছেন তিনি।
মিরপুরের উইকেট নিয়ে বরাবরই বিদেশি দলগুলোর মধ্যে এক ধরনের কৌতূহল ও শঙ্কা কাজ করে। তবে এবারের উইকেট দেখে বেশ ইতিবাচক মাইক হেসন। তিনি বলেন, অবশ্যই আমরা সিরিজ জিততে পারি। তবে বাংলাদেশকে আমরা বিশেষ সম্মান করি, কারণ তারা নিজেদের কন্ডিশনে খুবই শক্তিশালী দল।
তিনি আরও বলেন, এখানকার কন্ডিশন টি-টোয়েন্টি সিরিজের তুলনায় ভিন্ন হবে। তখন বাউন্স খুব একটা ধারাবাহিক ছিল না এবং উইকেট কিছুটা গড়পড়তা ছিল। তবে এবার উইকেট আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে।
এবারের পাকিস্তান স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা মূলত পাকিস্তান 'শাহীনস'-এর হয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কন্ডিশন নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও এই তরুণদের ওপর পূর্ণ আস্থা রাখছেন হেসন।
তার মতে, এটি একটি অত্যন্ত রোমাঞ্চকর দল এবং নতুনরা পরবর্তী ধাপে সুযোগ পাওয়ার পূর্ণ যোগ্যতা রাখে। তবে মিরপুরের পিচের সাথে তারা কত দ্রুত মানিয়ে নিতে পারে, সেটিই হবে বড় চ্যালেঞ্জ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন