বার্সেলোনা ফুটবল ক্লাবের অন্দরে এখন বইছে ঝোড়ো হাওয়া। একদিকে ক্লাবের আসন্ন নির্বাচন, অন্যদিকে সদ্য পদত্যাগকৃত সভাপতি জোয়ান লাপোর্তা ও সাবেক কোচ জাভি হার্নান্দেজের মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন বাকযুদ্ধ।
বার্সেলোনার সভাপতি হিসেবে তৃতীয় মেয়াদে লড়তে যাওয়া জোয়ান লাপোর্তার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় ও সাবেক কোচ জাভি হার্নান্দেজ।
তিনি আসন্ন নির্বাচনে লাপোর্তার প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে সমর্থন দিয়েছেন। শুধু তাই নয়, ২০২৩ সালে লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সুযোগ থাকলেও লাপোর্তার অনীহার কারণে তা সম্ভব হয়নি বলে বিস্ফোরক দাবি করেছেন জাভি।
জাভির এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লাপোর্তা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি জাভির কথায় বিস্মিত এবং একইসাথে ব্যথিত হয়েছি।
বার্সার সভাপতি হওয়া মানেই কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া। আমি যা করেছি, ক্লাবের স্বার্থেই করেছি। জাভির সময়ে আমরা হারছিলাম, আর বর্তমান কোচ হ্যান্সি ফ্লিক একই দল নিয়ে এখন জিতছেন। আমি বুঝতে পারছি জাভি কষ্ট পেয়েছেন, কিন্তু বার্সা কোনো ব্যক্তি বা সভাপতির চেয়ে অনেক বড়।
মেসির ফেরা নিয়ে জাভির করা অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে লাপোর্তা বলেন, আমি মেসির বাবা হোর্হে মেসির কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম। তিনি আমার বাড়িতে এসে পরিষ্কার জানিয়েছিলেন যে, লিও এখানে ফিরলে অতিরিক্ত মানসিক চাপের মুখে পড়বে, যা সে এই মুহূর্তে নিতে চায় না। তাই জাভির দাবিটি সঠিক নয়।
২০২১ সালে লাপোর্তার হাত ধরেই কোচ হিসেবে ক্লাবে ফিরেছিলেন জাভি। তবে ২০২৪ সালে তাকে বরখাস্ত করার পর থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন