এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসা ও তারকা ফুটবলার হামজা চৌধুরী।
বাফুফের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই মিডফিল্ডার সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন।
বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বৃহস্পতিবার (১২ মার্চ) জানিয়েছেন, আগামী ১৬ মার্চ থেকে ঢাকার একটি অভিজাত হোটেলে জাতীয় দলের ক্যাম্প শুরু হতে যাচ্ছে।
আমিরুল ইসলাম বাবু আরও বলেন, হামজা এখন সম্পূর্ণ সুস্থ। আগামী ২২ মার্চ ভিয়েতনামে সে সরাসরি দলের সঙ্গে যোগ দেবে। সেখান থেকেই সে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে ভ্রমণ করবে।
হামজা চৌধুরী ছাড়াও এই মিশনের জন্য আরও চারজন প্রবাসী ফুটবলারকে দলে পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাফুফের দেওয়া তথ্যমতে, প্রবাসী ফুটবলারদের মধ্যে জায়ান ১৪ মার্চ, সমিত ১৫ মার্চ এবং ফামিদুল ১৬ মার্চ ঢাকায় পৌঁছাবেন। এছাড়া ডিফেন্ডার তারেক কাজী নির্ধারিত সময়েই দলের ক্যাম্পে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
এদিকে, এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা আগেই শেষ হয়ে যাওয়ায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি এখন বাংলাদেশের জন্য কেবলই নিয়ম রক্ষার।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন