ভারত ও ভুটানের ঘরোয়া ফুটবল লিগ মাতানোর পর এবার সানজিদা আক্তারের গন্তব্য নেপাল। বাংলাদেশের এই অভিজ্ঞ নারী ফুটবলার নেপালের ঘরোয়া লিগে খেলতে আজ (১৭ মার্চ) বিকেলেই কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। ললিতপুরের ক্লাব জাপা এফসি-র হয়ে মাঠ মাতাবেন এই তারকা মিডফিল্ডার।
বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য নেপালের লিগটি হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। এর আগে সাবিনা-সানজিদারা ভারত ও ভুটানের লিগে খেললেও নেপালের কোনো ক্লাবে বাংলাদেশের কোনো নারী ফুটবলার খেলেননি।
এই নতুন চ্যালেঞ্জ নিয়ে সানজিদা জানান, ভুটানের লিগের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিক কিছুটা বেশি। তাই নিজের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে এবং ভালো পারিশ্রমিকের আশায় এই লিগকে বেছে নিয়েছেন তিনি।
তবে নেপালে পৌঁছানোর পরদিনই সানজিদার নতুন ক্লাব জাপা এফসি-র ম্যাচ রয়েছে। দীর্ঘ ভ্রমণক্লান্তি কাটিয়ে প্রথম ম্যাচেই তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।
এ বিষয়ে সানজিদা বলেন, কালকে হয়তো খেলা নাও হতে পারে। তবে এরপর আরও কয়েকটি ম্যাচ রয়েছে। আশা করি নিজের সেরা পারফরম্যান্স দিয়ে দলকে সাফল্য এনে দিতে পারব।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন