বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা ম্যাচে জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে চারিথ আসালাঙ্কার ৪১ রানে শ্রীলঙ্কা তোলে ৬ উইকেটে ৮৭ রান। জবাবে শেষ ওভারে জয়ের খুব কাছে গিয়েও দুই বলে ৬ রান তুলতে না পেরে ৩ রানে হারে বাংলাদেশ। ফলে ৩-০ ব্যবধানে সিরিজে ধবলধোলাই হয় নিগার সুলতানার দল।
শনিবার (২ মে) অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারে মারুফা আক্তার ইমেশা দুলানির কাছে টানা চারটি চার হজম করেন। তার আগের ওভারে ফারিহা তৃষ্ণা দেন ১৬ রান।
প্রথম ৩ ওভারে ৪০ রান দিয়ে কোনো উইকেট পায়নি বাংলাদেশ। চতুর্থ ওভারে সুলতানা খাতুন ৪৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন। পরের দুই ওভারে আরও তিন উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে তারা।
৫৩ রানে ৪ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। চামারি আতাপাত্তু ও কাভিশা দিলহারি চার-ছয়ে রানের গতি বাড়ান। শেষ দুই বলে দুজনই আউট হন। শেষ তিন ওভারে তারা যোগ করেন ৩৪ রান। দিলহারি ৭ বলে ১৫ ও চামারি ২৭ বলে ৪১ রান করেন। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন নেন ৩ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারের শেষ দুই বলে দুটি চার মেরে ১২ রান তোলেন দিলারা আক্তার, তবে পরের ওভারেই বিদায় নেন তিনি। এরপর ধীরস্থির ব্যাটিংয়ে এগোয় বাংলাদেশ।
শেষের আগের ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। প্রথম বলেই আউট হন নিগার সুলতানা। এরপর সুলতানা খাতুন দুটি দুই রান নেন এবং চতুর্থ বলে চার মেরে আশা জাগান। কিন্তু শেষ দুই বলে প্রয়োজনীয় ৬ রান তুলতে পারেননি। শারমিন এক রান নিলে ৬ উইকেটে ৮৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন সোবহানা মোস্তারি। এছাড়া জুয়াইরিয়া ফেরদৌস করেন ১৫ এবং নিগার সুলতানা করেন ১৩ রান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন