বগুড়া প্রফেশনালস’ ক্লাব (বিপিসি) আয়োজিত প্রথম ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ রাজধানীর তেজগাঁওয়ের টার্ফ নেশনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বগুড়ার ১৩টি উপজেলার খেলোয়াড়দের নিয়ে জেলার চারটি ঐতিহ্যবাহী নদীর নামে গঠিত করতোয়া সিটি, নাগর ইউনাইটেড, অ্যাটলেটিকো যমুনা ও রিয়াল বাঙালি অংশ নেয়।
রোমাঞ্চকর ফাইনালে করতোয়া সিটি ও রিয়াল বাঙালি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো দলই ব্যবধান গড়ে তুলতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টি শুটআউটে। সেখানে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিপিসির প্রথম ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নেয় করতোয়া সিটি।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া প্রফেশনালস’ ক্লাবের প্রেসিডেন্ট ও কো-ফাউন্ডার মুনজুরুল করিম, সেক্রেটারি ও কো-ফাউন্ডার মুহাম্মাদ মাছুদুর রহমান এবং ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিসির প্যাট্রন সদস্য গ্রুপ ক্যাপ্টেন শওকত-উল-ইসলাম জিন্নাহ, অতিরিক্ত সচিব মো. তরিকুল আলম, ড. মো. আব্দুর রাজ্জাক, সুরাইয়া আখতার জাহান, বাংলাদেশ পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী, ডিএমপি ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, গ্রাম উন্নয়ন কর্মের নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন, আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কবির উদ্দিন প্রামানিক, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, এমএম গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল ইসলাম টিটু, গণপূর্ত অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. আশরাফুল আলম, এনএসআই-এর অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের জেনারেল ম্যানেজার মাজহারুল লিমনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী এবং বিপিসির কো-ফাউন্ডার ও ট্রেজারার রিজভী আহমেদ বলেন, বগুড়ার বিভিন্ন উপজেলার মানুষ ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি এবং সৌহার্দ্য আরও জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। পাশাপাশি সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে সহযোগিতা করা খেলোয়াড়, দর্শক, অতিথি ও পৃষ্ঠপোষকদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

