ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গালফ জায়ান্টসকে হারিয়ে প্লে-অফে এমআই এমিরেটস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:০৭ পিএম
নিকোলাস পুরান। ছবি : সংগৃহীত

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে গালফ জায়ান্টস। ফজলহক ফারুকী ও রোমারিও শেফার্ডের তোপে মাত্র ১৬ রানে ২ উইকেট এবং পাওয়ার-প্লে শেষ হতে হতে ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা।

অধিনায়ক জেমস ভিন্স এবং রহমানুল্লাহ গুরবাজ দ্রুত সাজঘরে ফেরায় দলের রানের গতি থমকে যায়।

মাঝের ওভারগুলোতেও উইকেট হারাতে থাকায় ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল মাত্র ৯১। তবে শেষ দিকে মঈন আলী ও কাইল মায়ার্সের ব্যাটিংয়ে ম্যাচে ফেরে জায়ান্টস।

৪৫ বলে মঈন আলীর লড়াকু ৫১ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে দলটি। এমআই-এর হয়ে ফজলহক ফারুকী মাত্র ১৭ রানে ২ উইকেট নেন।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় এমআই এমিরেটস। ওপেনার জনি বেয়ারস্টো শূন্য রানে এবং টম ব্যান্টন মাত্র ২ রানে বিদায় নিলে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ২ রান।

তবে শুরুর এই চাপকে উড়িয়ে দেন নিকোলাস পুরান ও মুহাম্মদ ওয়াসিম। শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও সময় গড়ানোর সাথে সাথে মারকুটে স্বভাব ধারণ করেন তারা। বিশেষ করে ওয়াসিম ছিলেন শুরু থেকেই আক্রমণাত্মক। অন্যদিকে পুরান থিতু হওয়ার পর হাত খোলা শুরু করেন।

নিকোলাস পুরানের অপরাজিত ৬৯ রান (মৌসুমের প্রথম ফিফটি) এবং মুহাম্মদ ওয়াসিমের অপরাজিত ৫৯ রানে ভর করে মাত্র ১৬.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় এমআই এমিরেটস।

এই জয়ে ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অপে জায়গা করে নেয়ে এমআই এমিরেটস।