সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএল টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন আট ম্যাচ, যেখানে তিনি শিকার করেছেন ১৫ উইকেট। এবারের আসরে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দ্বিতীয় স্থান দখল করেই টুর্নামেন্ট শেষ করেছেন এই তারকা পেসার।
টুর্নামেন্টজুড়েই ধারাবাহিকভাবে ভালো বল করেছেন মোস্তাফিজ। এক ম্যাচে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। তার নিয়ন্ত্রিত বোলিং ও কাটার ভ্যারিয়েশনে বিপাকে পড়েছেন প্রতিপক্ষ ব্যাটাররা। সব মিলিয়ে এবারের আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের পারফরম্যান্স ছিল স্মরণীয়।
আইএল টি-টোয়েন্টিতে অংশ নেওয়া আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদও ভালো ছাপ রেখেছেন। শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন ছয় ম্যাচ, যেখানে নিয়েছেন ৯ উইকেট।
টুর্নামেন্ট শেষ করে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন এই দুই পেসার।
দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন তাসকিন আহমেদ। ওই স্ট্যাটাসে মোস্তাফিজের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়েই আইএল টি-টোয়েন্টিতে নিজের এবারের যাত্রা শেষ করেন মোস্তাফিজ। এখন তাদের দুজনেরই লক্ষ্য আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
আগামীকাল ২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। এ আসরে মোস্তাফিজুর রহমান খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। রংপুরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর।
অন্যদিকে তাসকিন আহমেদ খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। এই দলের মেন্টর হিসেবে রয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন