পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্যাপ্তি বাড়াতে পিসিবির নেওয়া উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। ফ্র্যাঞ্চাইজির সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৮ করার লক্ষ্যে যে দরপত্র আহ্বান করা হয়েছিল, তাতে দেশি-বিদেশি বড় বড় প্রতিষ্ঠান সাড়া দিয়েছে।
বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে যে, নতুন দুটি দলের মালিকানা পেতে নির্ধারিত সময়ের মধ্যে মোট ১২টি প্রতিষ্ঠান বিড জমা দিয়েছে।
পিসিবি জানিয়েছে, এবারের বিডিং প্রক্রিয়ায় কেবল পাকিস্তান নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীরা আগ্রহ দেখিয়েছেন। আবেদনকারী ১২টি প্রতিষ্ঠান মোট পাঁচটি দেশ থেকে এসেছে।
পিসিবির ঘোষিত সময়সূচি অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে।
জানা গেছে, ২৭ ডিসেম্বর দরপত্র প্রক্রিয়ার প্রাথমিক ধাপের ফলাফল ঘোষণা করা হবে। এখানে যাচাই করা হবে কোন কোন প্রতিষ্ঠান পিসিবির দেওয়া কারিগরি ও আর্থিক শর্তাবলি পূরণ করতে পেরেছে।
এরপর ৮ জানুয়ারি যেসব প্রতিষ্ঠান প্রাথমিক বাছাইয়ে টিকে যাবে, তাদের নিয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত ও উন্মুক্ত প্রতিযোগিতামূলক বিডিং।
এই চূড়ান্ত লড়াইয়ের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে ইসলামাবাদ কনভেনশন সেন্টার। পিসিবির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই এই ফ্র্যাঞ্চাইজি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন