সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। তবে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের ঝামেলার কারণে বড় খবরের শিরোনাম এখন চট্টগ্রাম রয়্যালস।
চট্টগ্রাম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি মালিক ট্রায়াঙ্গুল সার্ভিসেস আর্থিক সমস্যার কারণে শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে।
জানা গেছে, তারা খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করতে পারছিল না। এই পরিস্থিতিতে টুর্নামেন্টের মান বজায় রাখতে এবং দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবি এখন দলটির সব দায়িত্ব গ্রহণ করেছে।
আর্থিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে দলের স্কোয়াডেও। পারিশ্রমিক ও অব্যবস্থাপনার কারণে আসর শুরুর আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন তিন বিদেশি ক্রিকেটার।
নানা সংকটের মাঝেই আজ দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে অলরাউন্ডার শেখ মেহেদির নাম। তবে কোচিং প্যানেল নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা।
শুরুতে মমিনুল হকের নাম শোনা গেলেও পরে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে প্রধান কোচ করা হয়। কিন্তু বিপিএল শুরু হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও তিনি এখনো বাংলাদেশে এসে পৌঁছাননি।
বিসিবি জানিয়েছে, তারা বর্তমানে জরুরি ভিত্তিতে বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফ খুঁজে স্কোয়াড পূর্ণ করার চেষ্টা করছে।


