মেলবোর্নের বোলিং সহায়ক উইকেটে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ব্যবধান কমিয়ে ৩-১ করেছে সফরকারীরা। যদিও এর আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া।
শনিবার চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনেই কার্যত ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়। তবে ম্যাচ হারলেও দিনটি স্মরণীয় হয়ে থাকে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের জন্য। এই ম্যাচেই টেস্ট ক্রিকেটে একটি ঐতিহাসিক বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
৩৫ বছর বয়সী স্টার্ক চলতি ২০২৫ পঞ্জিকাবর্ষে টেস্ট ক্রিকেটে নিয়েছেন ৫৫টি উইকেট। এর মাধ্যমে তিনি এক বছরে ন্যূনতম ৫০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইকরেটে উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন। তার স্ট্রাইকরেট ২৮.৩।
এর আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের দখলে। তিনি ১৯৯৩ সালে ৫৫ উইকেট নিয়েছিলেন ২৯.৫ স্ট্রাইকরেটে। দীর্ঘ ৩২ বছর পর সেই রেকর্ড ভাঙলেন স্টার্ক।
তবে ম্যাচসংখ্যার দিক থেকে পার্থক্য আছে। ওয়াকার ইউনিস সাত টেস্টে ৫৫ উইকেট নিয়েছিলেন আর স্টার্ক একই সংখ্যক উইকেট নিয়েছেন ১১ টেস্টে।
চলতি বছরে স্টার্ক খেলেছেন ১১টি টেস্ট ম্যাচ। ২২ ইনিংসের মধ্যে মাত্র দুই ইনিংসে তিনি উইকেট পাননি। বাকি ২০ ইনিংসেই শিকার করেছেন অন্তত একটি করে উইকেট।
এক পঞ্জিকাবর্ষে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় অবশ্য স্টার্ক ও ওয়াকার ইউনিসের ওপরে আছেন আরও অনেকে।
সেখানে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন, যিনি ২০০৫ সালে ১৫ টেস্টে নিয়েছিলেন ৯৬ উইকেট। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ২০০৬ সালে ১১ টেস্টে নিয়েছিলেন ৯০ উইকেট।
অ্যাশেজ সিরিজের এখনো একটি টেস্ট বাকি রয়েছে। আগামী ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট। তবে বছরের শেষ টেস্ট ম্যাচ ইতোমধ্যে খেলে ফেলেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।


