বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
খালেদা জিয়ার প্রয়াণে শোক ছড়িয়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের ম্যাচ বাতিল করেছে। একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফেডারেশন কাপের খেলা স্থগিত ঘোষণা করেছে।
রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনের তারকারাও এই আপসহীন নেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোকবার্তা জানিয়েছেন।
সাকিব আল হাসান তার পোস্টে লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আরও লেখেন, এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখে গেছেন। আল্লাহতায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন