আসন্ন অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঘোষিত এই দলটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৩ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।
ইতোমধ্যে প্রথম তিন টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে শেষ টেস্টটি তাদের জন্য আনুষ্ঠানিকতার হলেও লক্ষ্য থাকবে সিরিজ ৪-১ ব্যবধানে শেষ করার।
চোটের কারণে শেষ দুটি টেস্টে না খেলার ঘোষণা আগেই দিয়েছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তাই সিডনি টেস্টেও অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন স্টিভ স্মিথ। চলতি সিরিজে এখনো সেঞ্চুরির দেখা না পেলেও মিডল অর্ডারে দলের মূল ভরসা তিনিই।
আগের টেস্টের দলটিই বহাল রেখেছে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড থাকছেন বলে প্রায় নিশ্চিত। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন, সমালোচনার মধ্যে থাকা উসমান খাজাও সিডনি টেস্টে একাদশে সুযোগ পাবেন।
তবে ক্যামেরন গ্রিনকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। পুরো সিরিজে ছয় ইনিংসে মাত্র ১১২ রান ও তিনটি উইকেট পাওয়ায় তার জায়গা নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। এই সুযোগে অভিষেকের পর দারুণ পারফরম্যান্স করা বিউ ওয়েবস্টার একাদশে ঢোকার দৌড়ে এগিয়ে আছেন।
গ্রিন ও ওয়েবস্টার প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেন, আমাদের হাতে ভালো মানের ক্রিকেটার রয়েছে। ব্যাটিং অর্ডার আরও ভালোভাবে কাজ করতে পারে—এ নিয়ে আমরা সিডনি টেস্টের আগে আলোচনা করব।
ঘোষিত দলে পাঁচজন পেস বোলার রাখা হয়েছে। সিডনির উইকেট সাধারণত স্পিন সহায়ক হলেও টড মারফিকে একাদশে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সিডনি টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল
স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, টড মারফি, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন