বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের মৌসুমে সবচেয়ে গোছানো ও শক্তিশালী দলের মধ্যে অন্যতম রাজশাহী ওয়ারিয়র্স। চার ম্যাচে তিনটি জয় নিয়ে শীর্ষে থাকা দলটি তার ফর্ম বজায় রেখেছে।
সর্বশেষ রংপুর রাইডার্সের বিপক্ষে আকর্ষণীয় জয় পেয়েছে রাজশাহী। এই জয়ের স্বীকৃতিস্বরূপ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের জন্য বোনাস ঘোষণা করেছে রাজশাহী।
শুক্রবার (২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে রাজশাহী জানায়, রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের জন্য রাজশাহী ওয়ারিয়র্স দলের প্রত্যেক সদস্য—খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ—প্রতিজনকে ১৫ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে।
ম্যাচে রাজশাহী প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করেছে। জবাবে রংপুরও ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সমান ১৫৯ রান করেছে। ফলে খেলা সুপার ওভারে গড়ায়।
সুপার ওভারে প্রথমে ব্যাট করা রংপুর মাত্র ১ ওভারে ৬ রান করতে সক্ষম হয়। জবাবে রাজশাহী মাত্র ৩ বল খেলেই জয় নিশ্চিত করে।
এ ছাড়া ম্যাচসেরা পারফর্ম করার জন্য রিপন মণ্ডলকে এক লাখ টাকা বোনাস দেওয়া হবে এবং এসএম মেহরব হাসান ও সাহিবজাদা ফারহানকে ৫০ হাজার করে টাকা বোনাস দেওয়ার ঘোষণা করা হয়েছে।


