চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ল ঢাকা ক্যাপিটালস। টসে জিতে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। নিয়মিত উইকেট হারিয়ে ঢাকার ইনিংস শেষ হয় মাত্র ১২২ রানে।
ওপেনার সাইফ হাসান তিন ম্যাচে এখনও দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। আজও ইনিংসের শুরুতেই তিনি মাত্র ৩ রান করে এলবিডব্লিউ হন পেসার শরিফুল ইসলামের বলে। জুবাইদ আকবরীও শরিফুলের বলেই ক্যাচ দিয়ে ফেরেন।
এরপর উসমান খান ও শামীম হোসেন পাটোয়ারিও টিকে থাকতে পারলেন না ব্যাটিংয়ে, অধিনায়ক মোহাম্মদ মিঠুনও ৮ রান করে ফেরেন।
এদিন ঢাকার হয়ে ব্যাট হাতে দলকে কিছুটা টেনে নেওয়ার চেষ্টা করেন নাসির হোসেন ও সাইফ উদ্দিন। তাদের ৩৬ বলে ৪৮ রানের জুটি দলকে ১০০ রানের আগে অলআউটের হাত থেকে রক্ষা করেছে।
শেষ পর্যন্ত সাইফউদ্দিনের অপরাজিত ৩৩ রানে ভর করে ১২২ রানে গিয়ে থামে ঢাকা ক্যাপিটালস। বল হাতে চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও তানভির ইসলাম সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন।


