ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিসিসিআই এবং আইপিএল কর্তৃপক্ষের নির্দেশনায় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে।

আজ শনিবার (০৩ জানুয়ারি) এক বিবৃতিতে কলকাতা নাইট রাইডার্স জানায়, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই-আইপিএল আমাদের আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমের আগে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী এবং যথাযথ প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমেই এই রিলিজ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিসিসিআই আইপিএলের নিয়ম মেনে কলকাতা নাইট রাইডার্সকে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।

এর আগে, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল ডিসেম্বরের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে।

তবে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও কূটনৈতিক উত্তেজনার কারণে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) হঠাৎই কেকেআরকে নির্দেশ দিয়েছে মুস্তাফিজকে দলে রাখার পরিবর্তে বিকল্প খেলোয়াড় বেছে নিতে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তার কারণে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। শুরুতে আমরা অপেক্ষা ও পর্যবেক্ষণ নীতি গ্রহণ করেছিলাম; কিন্তু শেষ পর্যন্ত কঠিন পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।

এদিকে, মুস্তাফিজকে দলে নেওয়ায় ভারতের কিছু রাজনীতিক ও ধর্মীয় নেতা শাহরুখ খানের কর্মকাণ্ডকে ‘দেশদ্রোহী’ আখ্যায়িত করেছেন। এই চাপের ফলে মুস্তাফিজকে ছেড়ে দিতে হলো কলকাতাকে।