ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিডনিকে হারিয়ে শীর্ষে হোবার্ট হারিকেনস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৬:৫৫ পিএম
টিম ওয়ার্ড। ছবি : সংগৃহীত

ডেভিড ওয়ার্নারের রেকর্ড গড়া ১৩০ রানের ইনিংসের পরও হারের স্বাদ পেল সিডনি থান্ডার। সিডনির দেওয়া ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে জয় তুলে নিয়েছে হোবার্ট হারিকেনস।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে হোবার্ট, অন্যদিকে হারের বৃত্তে আটকে টেবিলের তলানিতে পড়ে রইল সিডনি থান্ডার।

ম্যাচের শুরুতেই টস জিতে ব্যাটিংয়ে নেমে সিডনি থান্ডারকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মাত্র ৬৫ বলে ১৩০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

ওয়ার্নারের রেকর্ড ব্রেকিং এই ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২০৫ রানের বিশাল পুঁজি পায় সিডনি।

২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হোবার্ট হারিকেনসকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মিচেল ওয়েন ও টিম ওয়ার্ড। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ১০৮ রান।

এদিন, মিচেল ওয়েন মাত্র ১৮ বলে ৪৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এবং টিম ওয়ার্ড এক প্রান্ত আগলে রেখে খেলেন ৪৯ বলে ৯০ রানের দায়িত্বশীল ইনিংস।

দলীয় ১৫৭ রানে টিম ওয়ার্ড আউট হলেও হোবার্টের জয় পেতে কোনো বেগ পেতে হয়নি। শেষদিকে নিখিল ও ম্যাথিউ ওয়েডের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৭.৫ ওভারে (১৩ বল বাকি থাকতেই) জয়ের বন্দরে পৌঁছে যায় হোবার্ট।

এই জয়ের ফলে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে উঠে এলো তারা।