২০২০ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য পেসার শাহীন আলমের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের ইনজুরি, পারিবারিক অসচ্ছলতা ও আর্থিক সংকটে থাকা এই ক্রিকেটারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার সকালে রাজধানীর মিরপুরে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে শাহীন আলমের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাহীন আলম। পেস বোলিংয়ে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। তবে পরবর্তীতে ইনজুরির কারণে নিয়মিত ক্রিকেট থেকে ছিটকে পড়েন তিনি।
কুড়িগ্রামের এই ক্রিকেটার বর্তমানে আর্থিক সংকটে ভুগছেন। চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগে কোনো দল না পাওয়ায় তার আয়ের পথও বন্ধ হয়ে যায়, যা তার পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।
সহায়তা প্রদানকালে আমিনুল হক বলেন, বিশ্বকাপজয়ী একজন ক্রিকেটার দেশের সম্পদ। শাহীন আলমের মতো প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, তারেক রহমানের এই উদ্যোগ শাহীন আলমকে আবার মাঠে ফেরার অনুপ্রেরণা দেবে।
এ সময় ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আমিনুল হক। তিনি বলেন, খেলোয়াড়দের কল্যাণে বোর্ডের আরও দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন এবং শাহীন আলমের মতো খেলোয়াড়দের প্রতি বাড়তি নজর দেওয়া উচিত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন