বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিপাকে পড়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়েছে দলটি। কমছে ফলোয়ার, বাড়ছে ক্ষোভ।
সবশেষ ৪৮ ঘণ্টায় কলকাতার ফেসবুক পেজ থেকে প্রায় ১০ লাখ ফলোয়ার কমে গেছে। গত ৪ জানুয়ারি যেখানে পেজটির ফলোয়ার ছিল ১ কোটি ৮০ লাখ, সেখানে এখন তা নেমে এসেছে ১ কোটি ৭০ লাখে।
হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫ লাখ ফলোয়ার হারাচ্ছে কেকেআর। অর্থাৎ প্রতি মিনিটে কমছে প্রায় ৩৪৭ জন, আর প্রতি সেকেন্ডে প্রায় ৫ জন করে ফলোয়ার।
আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু গত ৩ জানুয়ারি হঠাৎ করেই আনুষ্ঠানিক বিবৃতিতে তাকে বাদ দেওয়ার ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভে ফেটে পড়ে ভক্তরা।
মুস্তাফিজকে বাদ দেওয়ার সেই পোস্টে এখন পর্যন্ত ২ লাখ ৩ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ ৩৭ হাজারই অ্যাংরি রিঅ্যাকশন। হাহা রিঅ্যাকশন পড়েছে প্রায় ৪০ হাজার।
এ ছাড়া মন্তব্য এসেছে ৬০ হাজারেরও বেশি। এসব মন্তব্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), আইপিএল এবং ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
এ ঘটনার পর কলকাতার ফেসবুক পেজে মোট ৯টি নতুন পোস্ট করা হয়েছে। বরুণ চক্রবর্তী, ভারতের ওয়ানডে দল, অনূর্ধ্ব-১৯ দল এবং অস্ট্রেলিয়ার পেসার ক্যামেরন গ্রিনকে নিয়ে পোস্ট দেওয়া হলেও সেগুলোতেও অ্যাংরি ও হাহা রিঅ্যাকশনের আধিক্য দেখা গেছে।
অনেকেই কটাক্ষ করে লিখেছেন—‘ফলোয়ার ১৮ লাখ থেকে ১৭ লাখ হয়ে গেছে’, আবার কেউ কেউ প্রতিটি পোস্টেই মোস্তাফিজ ইস্যু টেনে আনছেন।


